খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

যশোরে সাড়ে ছয় কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |
০৪:০৮ পি.এম | ০৭ মে ২০২৬


যশোর-নড়াইল সড়কে অভিযান চালিয়ে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭  টাকা মু্ল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে ৩ জন পাচারকারীসহ ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণেরবার, ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০ নম্বরের ১টি প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা আটক করে। আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর চৌগাছা সীমান্তের দিকে যাচ্ছিল।

আটককৃতরা হলো-যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬), একই জেলার চৌগাছা থানার উত্তরকয়ের তলা গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) ও যশোর সদর থানার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)। উক্ত পাচারকারীদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক স্বর্ণের সিজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবির আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ