খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

খবর প্রতিবেদন |
০৫:৩৬ পি.এম | ০৭ মে ২০২৬

 

টানা তিন দফা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি ২১ টাকা ৬৩ পয়সা দাম কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) এক সভায় এ সিদ্ধান্ত নেয় বিইআরসি। দাম কমানোর এই সিদ্ধান্ত ৭ মে রাত থেকে কার্যকর করা হবে।

এ বছরের শুরুতে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে ১৯ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ৯৫ টাকা ১২ পয়সা।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত তীব্র আকার ধারণ করলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। এর সরাসরি প্রভাব পড়ে দেশের জেট ফুয়েলের বাজারে।

মার্চে প্রথম দফায় দাম একলাফে বেড়ে ৯৫ টাকা ১২ পয়সা থেকে ১১২ টাকা ৪১ পয়সায় পৌঁছে। পরিস্থিতির আরও অবনতি হলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধি করা হয়। তখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ২০২ টাকা ২৯ পয়সা।

সর্বশেষ এপ্রিল মাসে আবারও দাম বাড়িয়ে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়। এবার প্রতি লিটার ২১ টাকা ৬৩ পয়সা কমানো হলো।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ