খুলনা | বৃহস্পতিবার | ০৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩

শার্শায় জমিজমা বিরোধে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল লুট, আটক ১

শার্শা (যশোর) প্রতিনিধি |
০৬:৩৭ পি.এম | ০৭ মে ২০২৬


যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক এবং লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাটিপুকুরিয়া গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে একই এলাকার রবি হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও গালিগালাজ করে।

একপর্যায়ে দুর্বৃত্তরা ইয়াকুব আলীর একতলা পাকা বাড়ির দেয়ালে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেল ও একটি হিরো স্প্লিন্ডার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবি হোসেনকে বেনাপোল এলাকা থেকে আটক করে। পরে তার কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মাটিপুকুরিয়া এলাকায় ইয়াকুব আলী ও প্রতিবেশী রবি হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির পাশের জমিতে পুকুর খননকে কেন্দ্র করে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গভীরতায় পুকুর খননের কারণে ইয়াকুব আলীর বাড়ি ও আশপাশের স্থাপনা ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

এছাড়া অভিযুক্ত রবি হোসেন ভুক্তভোগীর কাছে প্রায় দুই লাখ টাকা পাওনার দাবিও করে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ