খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, শিশুর চোখে গুলি

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ০৮ মে ২০২৬

 

চট্টগ্রামে রৌফাবাদ কলোনি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রাজু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় চোখে গুলি লেগেছে রেশমি আক্তার নামে এক শিশুর।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকায় বোনের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে। অন্যদিকে রেশমি (১১) রৌফাবাদ কলোনির রিয়াজ আহমেদ ও সাবেরা বেগমের কন্যা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে শিশু রেশমি আক্তার বাসার পাশের একটি দোকানে আর রাজু তার বোনের বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একদল সন্ত্রাসী এলাকায় অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। সন্ত্রাসীদের ছোঁড়া একটি গুলি রেশমির চোখে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাজুও গুরুতর আহত হন।

গুরুতর আহত রাজু ও রেশমি আক্তারকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করে। রেশমিকে প্রথমে ২ নং ওয়ার্ডে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ২৮ নং ওয়ার্ডে (চক্ষু বিভাগ) স্থানান্তর করা হয়।

রাজুর বড় বোন রুমা আক্তার বলেন, ‘আমার ভাই চার দিন আগে এখানে বেড়াতে এসেছিল। কেন তাকে এভাবে হত্যা করা হলো?’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

তবে কারা, কী কারণে এই গুলিবর্ষণ করেছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ বলেছেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। কী কী কারণে এই হত্যাকাণ্ড সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’

প্রিন্ট

আরও সংবাদ