খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

ভারতে নির্বাচন পরবর্তী পরিস্থিতি এড়াতে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:২১ এ.এম | ০৮ মে ২০২৬


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সাতক্ষীরা সীমান্তে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুশইন প্রতিরোধে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলার পার্শ্ববর্তী এলাকায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ শেষে গত ৪ মে ফলাফল ঘোষণার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় কিছু গোলযোগের খবরা খবর আমাদের সামনে আসছে। বিভিন্ন গণমাধ্যমে এসব খবর জানার পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরসহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ডের কর্মকর্তারা সতর্ক রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন পরবর্তী উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত  রাখতে  বিগত জেলা আইশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জেলায় দায়িত্বরত বর্ডার গার্ড কর্মকর্তাদেরকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়।
তিনি আরো বলেন, আমি ইতোমধ্যে কথা বলে জানতে পেরেছি যে, সাতক্ষীরা সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য বিজিবি সতর্ক রয়েছে। এখনো পর্যন্ত সীমান্ত এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর বা পুশইনের মত কোন ঘটনা ঘটেনি। সীমান্তের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, সাতক্ষীরা সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আমাদেরও নজরদারি রয়েছে। সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধি ও টহল তৎপরতা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ