খুলনা | শুক্রবার | ০৮ মে ২০২৬ | ২৫ বৈশাখ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ এ.এম | ০৮ মে ২০২৬


অস্ত্র মামলার পৃথক দু’টি ধারায় আসামি মোঃ মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না। আসামি দৌলতপুর থানাধীন পবলা হাস খামার এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে। 
মামলার এজাহারের বরাত দিয়ে ওই ট্রাইব্যুনালের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছয়েদুল হক শাহিন বলেন, ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ১১ টার দিকে দৌলতপুর থানার এসআই আলিমুজ্জামান বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময়ে তিনি গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন, দৌলতপুর থানার একটি মামলার সন্ধিগ্ধ আসামি মোঃ মেহেদী হাসান মমি পাবলা ফকিরপাড়াস্থ হক সাহেবের বাড়ির সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে মমিকে গ্রেফতার করে। 
জিজ্ঞাসাবাদে মমি পুলিশকে জানায় দৌলতপুর থানাধীন কল্পতরু মার্কেটে তার ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ‘নাজ এন্টারপ্রাইজ’ নামক একটি পরিত্যক্ত দোকানের ভেতর থেকে  দেশিয় তৈরি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। 
এ ঘটনায় ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর এসআই মোঃ আলিমুজ্জামান বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকুল খান আসামি মমিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ৯ জনের মধ্যে ৭ জন সাক্ষ্য প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ