খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

খুলনার বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
১১:৪১ পি.এম | ০৮ মে ২০২৬

 

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।

আজিজুল বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ফাঁকা গুলি ছুড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখনো কোনো গুলির খোসা বা ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ছাড়া আগে থেকেই তার একটি পা ঊরুর নিচ থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, আজিজুলের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে। ঘটনাস্থলে সিআইডির বিশেষজ্ঞ টিম এসে তদন্ত শুরু করেছে বলেও তিনি জানান।

প্রিন্ট

আরও সংবাদ