খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

ধানের এমন ভালো দাম সচরাচর সরকার আগে কখনো দেয়নি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:০৮ এ.এম | ০৯ মে ২০২৬


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধান সংগ্রহের কর্মসূচির যে মূল্য নির্ধারণ করা হয়েছে এমন ভালো দাম সচরাচার সরকার আগে কখনো দেয়নি। এই মূল্য নির্ধারণের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। পাশাপাশি এর মধ্যে খাদ্য অধিদফতরের চাহিদা অনুযায়ী ধান এবং চাল সংগ্রহ করা যাবে। শুক্রবার যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যশোরের যৌথভাবে সরকারি খাদ্য গুদামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে কৃষি ক্ষেত্রে যে অগ্রযাত্রা তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে উন্নত মানের সার-বীজ, যন্ত্রপাতিসহ সকল প্রকার কৃষি উপকরণ এনে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়ে এক ফসলা জমিতে দুই ফসলা, দুই ফসলা জমিতে তিন ফসলাতে পরিণত করেছিলেন। যাতে করে আমদানি নির্ভর এই কৃষি খাত স্বয়ংসম্পন্ন হয়।
তিনি বলেন, ধান সংগ্রহের বিগত সরকারের সময় কৃষকরা যে হয়রানির শিকার হয়েছে বর্তমান সরকারের সময় তা যেন না হয়।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে বোরো সংগ্রহের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে একটি বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, জেলা বিএনপি’র সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ