খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান সুব্রমানি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন

খবর প্রতিবেদন |
০৪:০৫ পি.এম | ০৯ মে ২০২৬

 

ভারতের কেন্দ্র সরকার জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত করে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমানিকে নতুন প্ররিতক্ষা প্রধান হিসেবে নিযুক্ত করেছে। আগামী ৩০ মে চৌহানের মেয়াদ শেষ হবে। অন্যদিকে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩১ মে শেষ হবে দীনেশের মেয়াদ।

শনিবার (৯ মে) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি। শনিবার সকালে ওই পদে তাকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেনা সর্বাধিনায়ক হওয়ার পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান হিসেবে কাজ করবেন তিনি। বর্তমানে দেশের প্রতিরক্ষা প্রধান পদে আছেন জেনারেল অনিল চৌহান। আগামী ৩০ মে তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। তারপরেই প্রতিরক্ষা প্রধানের পদে দায়িত্ব নেবেন সুব্রমণি।

ভারতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুব্রমণি সিডিএসের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সামরিক বিষয়ক দপ্তরের সচিব হিসেবেও কাজ করবেন।

অন্যদিকে দেশটির নতুন নৌবাহিনীর প্রধানও নিয়োগ করেছে কেন্দ্র সরকার। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার অফিসার কৃষ্ণ স্বামীনাথন চলতি মাসের শেষে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। বর্তমানে নৌবাহিনীর প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। আগামী ৩১ মে তার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

জানা গেছে, জাতীয় ডিফেন্স অ্যাকাডেমিতে ছিলেন সুব্রমণি। সেখান থেকে ১৯৮৫ সালে যান গাড়োয়াল রাইফেলসে। ব্রিটেনে জয়েন্ট সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজে কয়েক বছরের জন্য যোগ দিয়েছিলেন। দেশে ফেরার পর তাকে পর্বত ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে নিয়োগ করা হয়। এরপর ন্যাশনাল ডিফেন্স কলেজেও ছিলেন সুব্রমণি। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক সংঘাতপ্রবণ এলাকায় সংবেদনশীল পদের দায়িত্ব সামলেছেন। কাজাখাস্তানের ভারতীয় দূতাবাসেও ছিলেন একসময়। সেনাবাহিনীতে নজরকাড়া কাজের জন্য একাধিক সম্মান লাভ করেছেন তিনি।

২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কমান্ডের কমান্ডিং ইন চিফ জেনারেল অফিসার নিযুক্ত হয়েছিলেন। পরের বছরেই দেশের ৪৭তম ভাইস সিডিএস হিসেবে দায়িত্ব নেন। সক্রিয় সামরিক চাকরি থেকে অবসরের পর সুব্রমণি আপাতত জাতীয় নিরাপত্তা পরিষদের সামরিক পরামর্শদাতা হিসেবে কাজ করছিলেন। এবার তাকে তিন বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হলো।

পরবর্তী নৌবাহিনীর প্রধান স্বামীনাথন বর্তমানে মুম্বাইয়ে পশ্চিম নেভাল কমান্ডের দায়িত্বে রয়েছেন। এর আগে নৌবাহিনীর উপ-প্রধানের দায়িত্বও পালন করেছেন। ক্ষেপণাস্ত্রবাহী রণতরি আইএনএস বিদ্যুৎ, আইএনএস বিনাশ, ক্ষেপণাস্ত্রবাহী করভেট আইএনএস কুলিশ, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আইএনএস মহীশূর এবং বিমানবাহী রণতরি আইএনএস বিক্রমাদিত্যের কমান্ডার ছিলেন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ