খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

ক্রোম ব্রাউজার নিরাপদে ব্যবহারের কৌশল

খবর প্রতিবেদন |
০৪:২৬ পি.এম | ০৯ মে ২০২৬

 

বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার মানেই প্রায় প্রতিদিনই কোনো না কোনো ব্রাউজারে সময় কাটানো। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারগুলোর মধ্যে অন্যতম হলো গুগল ক্রোম। অফিসের কাজ, অনলাইন ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম, কেনাকাটা কিংবা ব্যক্তিগত আলাপ সবকিছুরই একটি বড় অংশ এখন এই ব্রাউজারের ভেতরেই সীমাবদ্ধ।

তবে সুবিধার পাশাপাশি আছে ঝুঁকিও। অসতর্ক ব্যবহারে হ্যাকিং, পাসওয়ার্ড চুরি, ভুয়া ওয়েবসাইট কিংবা ম্যালওয়্যারের ফাঁদে পড়া এখন খুবই সাধারণ ঘটনা। তাই কয়েকটি সাধারণ নিরাপত্তা অভ্যাস গড়ে তুললেই অনেক বড় ঝুঁকি এড়ানো সম্ভব।

নিয়মিত আপডেট রাখুন ব্রাউজার
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সবসময় ব্রাউজার আপডেট রাখার পরামর্শ দেন। কারণ নতুন আপডেটে সাধারণত নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়। পুরনো ভার্সনের ব্রাউজার ব্যবহার করলে হ্যাকাররা সহজেই দুর্বলতার সুযোগ নিতে পারে। তাই গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইট⁠ থেকে সর্বশেষ সংস্করণ ব্যবহার করা জরুরি।

সন্দেহজনক এক্সটেনশন ব্যবহার করবেন না
অনেকেই কাজ সহজ করতে বিভিন্ন এক্সটেনশন ইন্সটল করেন। কিন্তু সব এক্সটেনশন নিরাপদ নয়।
ভুয়া বা অনির্ভরযোগ্য এক্সটেনশন আপনার ব্রাউজিং হিস্ট্রি, পাসওয়ার্ড, ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ডেটা চুরি করতে পারে। তাই শুধুমাত্র প্রয়োজনীয় এবং বিশ্বস্ত ডেভেলপারের এক্সটেনশন ব্যবহার করাই নিরাপদ।

পাসওয়ার্ড সংরক্ষণে সতর্কতা
ক্রোমে পাসওয়ার্ড সেভ করার সুবিধা থাকলেও পাবলিক বা শেয়ারড কম্পিউটারে এটির ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। তাইসাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি পরামর্শ দিয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে, একই পাসওয়ার্ড একাধিক জায়গায় না রাখতে, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখতে। এছাড়া নিয়মিত সেভ করা পাসওয়ার্ড পর্যালোচনা করাও গুরুত্বপূর্ণ।

এইচটিটিপিএস (HTTPS) ছাড়া ওয়েবসাইটে সতর্ক থাকুন
কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে ঠিকানার শুরুতে 'HTTPS' আছে কি না তা খেয়াল করা জরুরি।HTTPS না থাকলে আপনার তথ্য এনক্রিপ্টেড নাও থাকতে পারে। বিশেষ করে অনলাইন ব্যাংকিং কার্ড তথ্য,লগইন তথ্য দেয়ার আগে ওয়েবসাইট নিরাপদ কি না যাচাই করা উচিত।

ইনকগনিটো মোড সবকিছু গোপন রাখে না
অনেকে মনে করেন ইনকগনিটো মোড ব্যবহার করলেই পুরোপুরি গোপন থাকা যায়। বাস্তবে বিষয়টি তেমন নয়।ইনকগনিটো মোড কেবল আপনার ডিভাইসে ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণ কমায়। তবে ইন্টারনেট সেবা প্রদানকারীঅফিস বা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক, ব্যবহৃত ওয়েবসাইট তবুও আপনার কার্যক্রমের কিছু তথ্য দেখতে পারে।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে বাড়তি সতর্কতা
ক্যাফে, বিমানবন্দর বা শপিংমলের ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করার সময় ব্যক্তিগত অ্যাকাউন্টে লগইন না করাই ভালো। কারণ অনিরাপদ নেটওয়ার্কে তথ্য চুরি হওয়ার ঝুঁকি বেশি থাকে। প্রয়োজনে ভিপিএন ব্যবহার করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ব্রাউজারে অতিরিক্ত অনুমতি দেবেন না
অনেক ওয়েবসাইট অপ্রয়োজনে লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন, নোটিফিকেশন অ্যাক্সেস চায়। যে ওয়েবসাইটের প্রয়োজন নেই, সেখানে এসব অনুমতি বন্ধ রাখাই নিরাপদ। ক্রোমের সেটিংস থেকে সহজেই এসব নিয়ন্ত্রণ করা যায়।

ফিশিং লিংক চিনতে শিখুন
বর্তমানে সবচেয়ে বেশি সাইবার প্রতারণা হয় ভুয়া লিংকের মাধ্যমে। ই-মেইল, মেসেঞ্জার বা এসএমএসে পাঠানো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে ঠিকানা যাচাই করা জরুরি। বিশেষ করে বানান ভুল, অদ্ভুত ডোমেইন বা অতিরিক্ত লোভনীয় অফার দেখলে সতর্ক হতে হবে।

ডিজিটাল জীবনে নিরাপত্তা এখন অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন ব্যবহৃত একটি ব্রাউজার থেকেই ব্যক্তিগত জীবনের বড় অংশ নিয়ন্ত্রিত হচ্ছে। তাই নিয়মিত আপডেট, নিরাপদ পাসওয়ার্ড, সতর্ক ব্রাউজিং ও ভুয়া লিংক এড়িয়ে চলাই আপনার অনলাইন জীবনকে অনেক বেশি নিরাপদ রাখতে পারে।

প্রিন্ট

আরও সংবাদ