খুলনা | শনিবার | ০৯ মে ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩

বৃষ্টি হত্যার বিচার নিশ্চিতে সরকার কাজ করছে: পররাষ্ট্র সচিব

খবর প্রতিবেদন |
০৪:৩৬ পি.এম | ০৯ মে ২০২৬

 

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টি হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (৯ মে) সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি করতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বৃষ্টির স্বজনেরা তার মরদেহ গ্রহণ করেন।

বৃষ্টির পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ফ্লোরিডা বৃষ্টি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও বিচারপ্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ করছে। সরকার আশা করে, বৃষ্টির পরিবার এ হত্যাকাণ্ডের সঠিক ও সুষ্ঠু বিচার পাবে।

তিনি বলেন, বৃষ্টির পরিবার যে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তা সরকার উপলব্ধি করে। এখানে বৃষ্টির বাবা, মা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত আছেন।

পররাষ্ট্র সচিব বলেন, আমি বৃষ্টির পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং বৃষ্টির আত্মার মাগফেরাত কামনা করি।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি (২৭) ও লিমন (২৭)। গত ১৬ এপ্রিল বৃষ্টি ও লিমন নামের দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পরে গত ২৪ এপ্রিল স্থানীয় একটি সেতুর কাছ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তারপর পুলিশ বৃষ্টির পরিবারকে ফোনে জানায়, তাকেও হত্যা করা হয়েছে।

লিমনের লাশ উদ্ধারের পর ওইদিনই তার রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ