খুলনা | রবিবার | ১০ মে ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন

নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়, শপথ আজ

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ১০ মে ২০২৬


ভারতের তামিলনাড়ুর রাজ্য সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের দায়িত্ব গ্রহণ নিয়ে কয়েক দিন ধরে চলা নাটকীয়তা অবশেষে অবসান হলো। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়েছেন তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ২৩৪ সদস্যের বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি একক বৃহত্তম দলের নেতা হিসেবে এই দাবি পেশ করেন।
আজ রোববার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে সমর্থন দিয়েছে। এরফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার জানিয়েছে, ভিসিকে থালাপতিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে থালাপতির গত কয়েকদিনের দুঃস্বপ্নের অবসান ঘটছে। ভিসিকে এবারের নির্বাচনে দু’টি আসনে জয় পেয়েছে। তাদের জয়ী দুই বিধায়ক যোগ দিতে যাচ্ছেন টিভিকের সঙ্গে।
এর আগে শুক্রবারই ভিসিকে থালাপতিকে সমর্থন জানানোর কথা বলেছিল। কিন্তু তারা সমর্থনের ব্যাপারে সেখানকার রাজ্যপালকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি। এতে তৈরি হয় সংকট।
পরবর্তীতে জানা যায় ভিসিকে থালাপতিকে সমর্থন দেওয়ার বদলে উপ-মুখ্যমন্ত্রীর পদ চায়। কিন্তু শনিবার শোনা যায় তারা মুখ্যমন্ত্রীর পদই চায়। তবে শেষ পর্যন্ত তারা নিঃশর্ত সমর্থন দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
গত চার দিনে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ সাক্ষাৎ। শনিবার ভিসিকে এবং আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ার পরই সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা নিশ্চিত হয়। বিকেলে যখন বিজয় লোকভবনে যান, তখন তার সঙ্গে ছিলেন জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতৃবৃন্দ।
ভিসিকে দু’টি আসন দিলে থালাপতি ও তাদের জোট দলের মোট আসনের সংখ্যা দাঁড়াবে ১১৮টি। যা সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক নম্বর।
গভর্নরের সঙ্গে আরেক দফা বৈঠক : প্রয়োজনীয় সমর্থনের নিশ্চয়তা এবং সব সমর্থনপত্র হাতে পাওয়ার পর শনিবার সন্ধ্যায় বিজয় আবার গভর্নর আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি গভর্নরকে বোঝাতে সক্ষম হন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন তার রয়েছে।
টিভিকে দ্রুত শপথ অনুষ্ঠানের অনুরোধ জানায় এবং গভর্নর তাতে সম্মতি দেন। শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয় রোববার সকাল ১০টা।
লোক ভবনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শপথ গ্রহণ অনুষ্ঠান ১০ মে সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।’
বিবৃতিতে আরও জানানো হয়, আগামী বুধবারের মধ্যে বিজয়কে বিধান সভায় আস্থা ভোটে অংশ নিতে হবে।
তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। সংখ্যায় ১০টি আসন কম হলেও এগুলো পেতে বেশ বেগ পোহাতে হয়েছে থালাপতিকে। 
তার সঙ্গে ভারতীয় কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই (এম) ও সর্বশেষ ভিসিকে জোট গঠন করতে যাচ্ছে। এবারের নির্বাচনে কংগ্রেস পাঁচটি, ভিসিকে চারটি এবং বামপন্থি দু’টি দল দু’টি করে চারটি আসনে জয় পেয়েছে। অর্থাৎ এ তিনটি দল পেয়েছে ১৩টি আসন। 
গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, থালাপতির দল ২৩৪টি আসনের মধ্যে একাই জিতেছে ২০৮টি আসন। কিন্তু সরকার গঠনে সেখানে ১১৮ আসনে জয় প্রয়োজন। ফলে একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েও তারা সরকার গঠন করতে পারছিল না। এজন্য আরও দরকার ছিল ১০টি আসন।
কিন্তু বিজয় থালাপতি যেহেতু দু’টি আসনে জয় পেয়েছেন তাই তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। এতে টিভিকের আসনের সংখ্যা দাঁড়াবে ১০৭-এ। কিন্তু যাদের সঙ্গে তারা জোট করছে তাদের আসন আছে ১৩টি। সেগুলো যোগ করলে মোট টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়াবে ১২০-এ। 
সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, এনডিটিভি।

প্রিন্ট

আরও সংবাদ