খুলনা | সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩

শার্শায় কাভার্ডভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

শার্শা (যশোর) প্রতিনিধি |
০২:২৫ পি.এম | ১১ মে ২০২৬


যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তোজাম্মেল হোসেন (৪০) ও শাহিন আলম (৪২) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তোজাম্মেল হোসেন উলাশী গ্রামের মৃত আতিয়ার গাইনের ছেলে এবং শাহিন আলম একই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, দুইজন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেলযোগে তারা উলাশী থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কর্মকার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ