খুলনা | সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় পা হারালেন যুবক, বাবা-ছেলে চিকিৎসাধীন ঢাকায়

ফকিরহাট প্রতিনিধি |
০৪:৩৪ পি.এম | ১১ মে ২০২৬


খুলনার আড়ংঘাটা লতার মোড় বাইপাস এলাকায় গত ২২ এপ্রিল বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। দুর্ঘটনায় আহত যুবক শেখ রুশাদ (২৭) চিকিৎসাধীন অবস্থায় তার বাম পা হারিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি ট্রাক এবং একই সময়ে রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার ভাঙা অংশে পড়ে যায়। এতে মোটরসাইকেলের সামনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ রুশাদ এবং তার পিতা শেখ ওমর ফারুখ (৬৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

বর্তমানে বাবা ও ছেলে দুজনই ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেখ রুশাদের বাম পা কেটে ফেলতে হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, আড়ংঘাটা লতার মোড় বাইপাস সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা ভাঙা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট

আরও সংবাদ