খুলনা | সোমবার | ১১ মে ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩

বিয়ের আশ্বাসে জেন্ডার পরিবর্তন, প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

খবর প্রতিবেদন |
০৫:৫৪ পি.এম | ১১ মে ২০২৬

 

সাভারে এক নৃত্যশিল্পীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জেন্ডার পরিবর্তনে প্ররোচিত করা এবং প্রতারণার মাধ্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছে।

সোমবার (১১ মে) ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ভুক্তভোগী ফিরোজ আহমেদ সাভার শিশু একাডেমি ও শিল্পকলার একজন নৃত্যশিল্পী। তিনি অভিযোগ করেন, প্রায় ১৭ বছর ধরে বিপ্লব হোসেনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে বিপ্লব তাকে ভারতে নিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করান। এ সময় চিকিৎসা ও ভবিষ্যৎ সংসারের কথা বলে তার কাছ থেকে চুক্তির মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা নেন বিপ্লব।

ফিরোজ আহমেদের দাবি, দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানতে পারেন বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। এতে প্রতিবাদ করলে নানা সময় হুমকি দেয়া হয় তাকে।

মামলার অভিযোগে আরও বলা হয়, গত ৬ মে সাভারের গেন্ডা এলাকায় ফিরোজ আহমেদের ভাড়া বাসায় জোরপূর্বক প্রবেশ করে বিপ্লব তাকে ধর্ষণ করেন এবং হত্যার হুমকি দেন। পরে তিনি সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পান্ডে নামে আরও একজনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।

গ্রেপ্তার বিপ্লব হোসেন রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।’

প্রিন্ট

আরও সংবাদ