খুলনা | মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩

ঈদুল আযহা কবে, যা জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ১২ মে ২০২৬


মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ১৭ মে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ অনুসন্ধানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল এ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করবে। খবর গালফ নিউজের।
ওই বিভাগের টাইমিং অ্যান্ড ক্রিসেন্ট অবজার্ভেশন শাখার প্রধান এবং দুবাই চাঁদ দেখা কমিটির উপ-সভাপতি ড. হামাদ মোহাম্মদ সালেহ বলেন, এই অনুষ্ঠান শরিয়া-ভিত্তিক পর্যবেক্ষণের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের মানদণ্ডকে সমন্বিত করে একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ইসলামি আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বিভাগের অঙ্গীকারকে ফুটিয়ে তোলে। এই উদ্যোগের মাধ্যমে সুন্নাহকে পুনরুজ্জীবিত করার এবং আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে চাঁদ দেখার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।
দেশটির জনসাধারণকে তাদের পরিবার ও সন্তানদের নিয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আরবি বছরের শেষ মাস জিলহজ। এ মাসের দশম দিনে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি এ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, জিলহজ মাসের নতুন চাঁদ আগামী রোববার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী মধ্যরাত ১২টা ১ মিনিটে উদয় হবে। সুতরাং, খুব সম্ভবত জিলহজ মাসের প্রথম দিন সোমবার (১৮ মে) হতে পারে।
এই হিসাব অনুসারে, জিলহজ মাসের ৯ তারিখে অনুষ্ঠিতব্য আরাফার দিনটি হবে মঙ্গলবার (২৬ মে)। সুতরাং ঈদুল আযহা উদযাপিত হতে পারে বুধবার (২৭ মে)।
 

প্রিন্ট

আরও সংবাদ