খুলনা | মঙ্গলবার | ১২ মে ২০২৬ | ২৯ বৈশাখ ১৪৩৩

ব্যবসায়ী স্বামীকে অপহরণ ও গুমের চেষ্টার অভিযোগ স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ এ.এম | ১২ মে ২০২৬


খুলনায় ব্যবসায়ী কালী শংকর সাহা অরবিন্দুকে অপহরণ করে গুমের চেষ্টার অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী অনামিকা দাস (পপি)। সোমবার খুলনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অনামিকা দাস বলেন, দীর্ঘ ১৪ বছর স্বামী পরিত্যক্তা হিসেবে সন্তানকে নিয়ে তিনি খুলনায় বসবাস করে আসছিলেন। এ সময় ব্যবসায়ী কালী শংকর সাহা অরবিন্দু তাকে বিয়ের প্রস্তাব দেন। গত ৮ এপ্রিল ২০২৬ হিন্দু বিবাহ আইন অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়।
তিনি অভিযোগ করেন, কালী শংকর সাহার প্রথম পক্ষের ছেলে ডাঃ হিমেল সাহা ও পুত্রবধূ তন্নী দেবনাথ এ বিয়ে মেনে নেননি। বিয়ের পর থেকেই তাকে মানসিকভাবে নির্যাতন, হুমকি ও অপমান করা হয়। এমনকি তাকে বাড়িতে প্রবেশ করতেও বাধা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ১৬ এপ্রিল কৌশলে তার স্বামীকে আটকে রেখে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। পরে তাকে খুলনা থেকে জোরপূর্বক ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। যার সিআর নং ৯৪১/২৬। আদালত সার্চ ওয়ারেন্ট জারি করলেও এখন পর্যন্ত তার স্বামীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
অনামিকা দাস অভিযোগ করেন, তার স্বামীকে অসুস্থ দেখিয়ে ঢাকায় আটকে রাখা হয়েছে এবং জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও দাবি করেন, তার স্বামীর ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিষয়টি আড়াল করতেই তাকে গুম করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে অনামিকা দাস প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত কালী শংকর সাহা অরবিন্দুকে উদ্ধার, তার নিরাপত্তা নিশ্চিত এবং তাকে বিদেশে নেওয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রিন্ট

আরও সংবাদ