খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

অকালে চলে গেলেন কন্নড় অভিনেতা দিলীপ রাজ

খবর বিনোদন |
০২:১৮ পি.এম | ১৩ মে ২০২৬

 

কন্নড় সিনেমার ভুবনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৭ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দিলীপ রাজ। ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন তার আকস্মিক চলে যাওয়া শুধু কন্নড়ই নয়, ভারতীয় সিনেমার জন্য এক শূন্যতা।

দিলীপ রাজের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বুধবার ভোরে শারীরিক অস্বস্তি শুরু হয় দিলীপ রাজের। কিছুক্ষণ পরই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাত্র ৪৭ বছর বয়সে একজন ফিট এবং জনপ্রিয় অভিনেতার এমন মৃত্যুতে স্তব্ধ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

বহুমুখী প্রতিভাধর এই শিল্পীর মৃত্যুতে সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন। অভিনেতা চেতন কুমার স্মৃতিচারণ করে লেখেন, ‘দিলীপ শুধু একজন দক্ষ অভিনেতাই ছিলেন না, মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। ওর মতো আন্তরিকতা খুব কম মানুষের মধ্যে দেখা যায়।’

দিলীপ রাজের কাজের পরিধি ছিল বিশাল। ছোটপর্দায় তিনি ছিলেন সুপারস্টার। ‘রঙ্গোলি’, ‘কুমকুম ভাগ্য’ থেকে শুরু করে হাল আমলের সুপারহিট সিরিয়াল ‘হিটলার কল্যাণ’-এ তার অভিনয় দর্শকদের আন্দোলিত করে।

২০০৫ সালে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় দিলীপ রাজের। ২০০৭ সালে পুণিত রাজকুমারের ব্লকবাস্টার ছবি ‘মিলানা’-তে ভিলেনের চরিত্রে অভিনয় করে তিনি সবাইকে চমকে দেন। এরপর ‘ইউ-টার্ন’, ‘লাভ মকটেল ৩’-এর মতো প্রায় ২৪টিরও বেশি সিনেমায় তাকে দেখা গেছে।

সফল প্রযোজক হিসেবে তার খ্যাতি ছিল। দিলীপ রাজের প্রযোজনা সংস্থা ‘ডিআর ক্রিয়েশনস’ থেকে বেশ কিছু হিট ধারাবাহিক তৈরি হয়েছে।

অভিনয়, প্রযোজনা এবং থিয়েটার— সব ক্ষেত্রেই তার অবদান রয়েছে কন্নড় ইন্ডাস্ট্রিতে। আর কাজের জন্য ‘হিটলার কল্যাণ’-এর নায়ককে আজীবন মনে রাখবেন অনুরাগীরা।

প্রিন্ট

আরও সংবাদ