খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২৯ পি.এম | ১৩ মে ২০২৬

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আইনজীবী, পুলিশ কমিশনার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপপরিচালক আছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে।

বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন। অপর দুই নির্বাচন কমিশনার হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার এবং এনএসসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপসচিব এ. বি. এম. এহসানুল মামুন। নিয়মকানুন মেনে বিসিবি নির্বাচনে প্রয়োজনীয় কার্যক্রম তত্ত্বাবধান ও পরিচালনা করবে নির্বাচন কমিশন।

৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে দেয় এনএসসি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এই কমিটির দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া। তামিমের পদত্যাগের গুঞ্জন শোনা গেলেও ৩০ এপ্রিল মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। পরবর্তীতে ৭ মে বিসিবিতে সংবাদ সম্মেলনে বিপিএলে ফিক্সিং ও ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা সংক্রান্ত বিষয় নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের ম্যাচের দিন তো বটেই, নিয়মিত মিরপুরে গিয়ে বিসিবির অবস্থা পর্যবেক্ষণ করেন তামিম।

প্রিন্ট

আরও সংবাদ