খুলনা | বুধবার | ১৩ মে ২০২৬ | ৩০ বৈশাখ ১৪৩৩

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, মুমিনুল-নাহিদের উন্নতি

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০৮ পি.এম | ১৩ মে ২০২৬


পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাঁহাতি ব্যাটারের। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা ২৩ নম্বরে জায়গা করে নিয়েছেন শান্ত।

শেষ বিকেলে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে প্রথম টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের ব্যাট হাতে বড় অবদান রেখেছেন শান্ত। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারিয়ে স্বাগতিকরা যখন চাপে তখন ব্যাটিংয়ে নেমে কাউন্টার অ্যাটাক করেন বাঁহাতি এই ব্যাটার। দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে শান্তর এটি নবম টেস্ট সেঞ্চুরি।

দ্বিতীয় ইনিংসেও একশ করার সুযোগ ছিল বাংলাদেশের অধিনায়কের সামনে। তবে নোমান আলীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে শান্তকে ফিরতে হয় ৮৭ রানে। দুই ইনিংস মিলে ১৮৮ রান করে ঢাকা টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। এমন পারফরম্যান্সে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন শান্ত। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে বাঁহাতি ব্যাটার আছেন ২৩ নম্বরে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সবার উপরে। যেখানে শান্তর সঙ্গী পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। দারুণ ব্যাটিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিমও। প্রথম ইনিংসে ৭১ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করেছেন তিনি। ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে সেঞ্চুরির সুযোগ ছিল তার।

যদিও ৯১ রানের ইনিংস খেলে ফিরতে হয়েছে তাকে। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে করেছেন ৫৬ রান। ১২ ধাপ এগিয়েছেন মুমিনুল। বাঁহাতি ব্যাটার আছেন ৩৫ নম্বরে। যেখানে মুমিনুলের সঙ্গী ইংল্যান্ডের ব্যাটার ওলি পোপ। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় সাদমান ৪ ধাপ, মেহেদী হাসান মিরাজ এক ধাপ ও মাহমুদুল জয় পিছিয়ে গেছেন ৬ ধাপ।

সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এমন বোলিংয়ে ৩ ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি এই স্পিনারের। ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছেন তিনি। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। দুর্দান্ত পারফরম্যান্সে ৫ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন। আগের অবস্থানেই আছেন মিরাজ ও তাসকিন আহমেদ। তবে পিছিয়ে গেছেন হাসান মুরাদ, নাঈম হাসান।

প্রিন্ট

আরও সংবাদ