খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

খুবিতে সুন্দরী গাছের আগামরা রোগ নিয়ে সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
০১:০০ এ.এম | ১৪ মে ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেমস (আইআইএসএসসিই)-এর উদ্যোগে The Hidden Cause of Sundari Decline: A New Fungal Perspective শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সুন্দরী গাছের আগামরা রোগ নিয়ে ডেডিকেটেড গবেষক ছিলেন প্রয়াত প্রফেসর ড. আব্দুর রহমান। তিনি এ বিষয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। বর্তমানে নতুন করে এ বিষয়ে গবেষণা কার্যক্রম শুরু হওয়া ইতিবাচক দিক। গবেষণার ফলাফল যথাযথভাবে উপস্থাপন ও প্রয়োজনে আরও বিস্তৃত গবেষণা পরিচালনা করতে হবে। শুধু রোগের প্রকৃত কারণ নির্ণয় নয়, এর কার্যকর সমাধানও খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, সুন্দরবন নিয়ে বহুমাত্রিক গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব গবেষণাকে আরও এগিয়ে নিতে হবে।
আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য প্রদান করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ও প্রকল্পের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মোঃ আসাদুজ্জামান।
উদ্বোধনী অধিবেশন শেষে টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও আইআইএসএসসিই’র সায়েন্টিফিক অফিসার অন্তি ইসলাম। তিনি সুন্দরবনের সুন্দরী গাছের আগামরা রোগের নতুন ছত্রাকজনিত কারণ, রোগ বিস্তারের প্রক্রিয়া এবং তা মোকাবিলায় সম্ভাব্য গবেষণা ও করণীয় বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ ফলাফল তুলে ধরেন।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মতবিনিময় ও সমাপনী সেশন অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ