খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যার প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে হরতাল পালন

অভয়নগর প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ১৪ মে ২০২৬


অভয়নগর উপজেলায় নওয়াপাড়া শিল্প বন্দরের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রধান আসামিকে গ্রেফতারের দাবিতে হরতাল পালন করছেন দেশের অন্যতম বড় ব্যবসাকেন্দ্র নওয়াপাড়ার ব্যবসায়ীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল থেকে তাদের এ কর্মসূচি চলে। সকাল থেকে ব্যবসায়ীদের নওয়াপাড়া সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে মিছিল করতে দেখা গেছে। এ ঘটনায় যান চলাচল বন্ধ হলে সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন। 
সকালে সরেজমিন দেখা যায় নওয়াপাড়ার বাজারের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। মহাসড়কে টায়ার জ্বালিয়ে, আড়াআড়িভাবে বাঁশ বেঁধে এবং চেয়ার বসিয়ে প্রতিবন্ধতা তৈরি করেছেন ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষও যোগ দিয়েছেন। উপজেলার রাজঘাট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে বাঁশ বেঁধে অবরোধ করা হয়েছে। নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকায় মহাসড়কের ওপর চেয়ার বসিয়ে অবস্থান নিয়েছেন কয়েকজন। নওয়াপাড়া দিয়ে দূরপাল্লার যানবাহন, সিএনজি চালিত অটোরিকশা,ব্যাটারিচালিত ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান, মোটরসাইকেল এমনকি বাইসাইকেল চলাচলও বন্ধ আছে। ভৈরব নদের ঘাটে থাকা তিন শতাধিক পণ্যবোঝাই কার্গো ও বার্জ থেকে পণ্য ওঠানামার কাজও বন্ধ। যান চলাচল বন্ধ থাকায় অফিস-আদালতে যাওয়া মানুষ ও সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। 
উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়ার পীরবাড়ি মাদ্রাসার পাশে আনিছুর রহমানের মালিকানাধীন বহুতল মার্কেটের সামনে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয় । আনিছুর রহমান নওয়াপাড়া বাজারের সার, খাদ্যশস্য, কয়লা ও সিমেন্ট আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মজিদ বকস সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় স্থায়ীভাবে বসবাস করছিলেন। এ ঘটনায় আনিছুরের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে গত বৃহস্পতিবার অভয়নগর থানায় মামলা করেন। মামলায় উপজেলার গুয়াখোলা গ্রামের শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ হোসেন ও একই গ্রামের নিছার আলীর ছেলে নাসির উদ্দিনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। হত্যাকান্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এজাহারভুক্ত প্রধান আসামি শাহ মাহমুদ হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাতে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে আজ সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন বলেন, পুলিশ মূল আসামিকে গ্রেফতার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, আনিছুর রহমান হত্যাকান্ডে জড়িত এক আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ