খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

২০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

আইয়ুব হোসেন ছিলেন খুলনার সাংবাদিক জগতের দিকপাল

খবর বিজ্ঞপ্তি |
০২:২৭ এ.এম | ১৪ মে ২০২৬


দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার প্রতিথযশা সাংবাদিক সর্বজন শ্রদ্ধেয় আইয়ুব হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, আইয়ুব হোসেন ছিলেন খুলনায় সাংবাদিক জগতের দিকপাল। তিনি একজন সৎ, নির্ভীক, সাহসী ও আদর্শিক সাংবাদিক ছিলেন। তার আদর্শ ধারণ করে সাংবাদিকতার নৈতিকতা ও মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। গতকাল বুধবার  দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদের সভাপতি হাসান আহমেদ মোল্লার সভাপতিত্বে খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহেন্দ্রনাথ সেনের পরিচালনায় বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও মরহুম আইয়ুব হোসেনের ছেলে এনামুল হক, বর্তমান সভাপতি মোস্তফা সারোয়ার, সিনিয়র সাংবাদিক ও এনটিভি’র খুলনা বিভাগীয় প্রধান মুন্সী আবু তৈয়ব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, সিনিয়র সাংবাদিক মোঃ শাহআলম, রাশিদুল ইসলাম, মোজাম্মেল হক হাওলাদার, কাজী শামিম আহমেদ, জিয়াউস সাদাত, সরদার আবু তাহের, মোহাম্মাদ নুরুজ্জামান ও শুভ্র শচীন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাংবাদিক সোহেল মাহমুদ, আব্দুর রাজ্জাক রানা, রিতা রানী, দিলীপ বর্মন, আল মামুন প্রিন্সসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রয়াত আইয়ুব হোসেনে স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে মরহুম আইয়ুব হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ