খুলনা | বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬ | ৩১ বৈশাখ ১৪৩৩

আইসিসির সেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৫ পি.এম | ১৪ মে ২০২৬


বাংলাদেশ ক্রিকেটের উঠতি তারকা পেসার নাহিদ রানা অবশেষে তার কঠোর পরিশ্রম ও দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে তার গতি, আগ্রাসী মনোভাব ও আত্মবিশ্বাসী বোলিং সবাইকে মুগ্ধ করেছে। আর এই পারফরম্যান্সের সুবাদে তিনি জিতে নিয়েছেন এপ্রিলের আইসিসির মর্যাদাপূর্ণ ‘পুরুষ ক্রিকেটার অফ দ্য মান্থ’ অ্যাওয়ার্ড।

ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই সম্মান অর্জন করলেন তিনি। বৃহস্পতিবার (১৪ মে) আইসিসি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। গত বছর এপ্রিলে মেহেদী হাসান মিরাজের পর এবার নাহিদের পালা।

মিরপুরে প্রথম ওয়ানডেতে নাহিদের দিনটা খুব একটা ভালো যায়নি। ক্যারিয়ারের সবচেয়ে বেশি ৬৫ রান খরচ করে মাত্র এক উইকেট নেন তিনি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই তিনি ফিরে আসেন ঝড়ের বেগে। চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইফার পান। শেষ ম্যাচেও ২ উইকেট নিয়ে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিন ম্যাচের সিরিজে নাহিদ নিয়েছেন ৮ উইকেট। গড় ১৬.৭৫ এবং ইকোনমি মাত্র ৪.৪৬। বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে এবং নাহিদ হয়েছেন সিরিজসেরা খেলোয়াড়।

নিউজিল্যান্ড সিরিজের আগে মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি নিয়েছিলেন ৮ উইকেট এবং প্রথমবার ফাইফার পেয়েছিলেন। আর সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে টেস্টেও মিরপুরে ফাইফার নিয়ে বাংলাদেশকে ১০৪ রানের জয় এনে দিতে সাহায্য করেন।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে নাহিদ আইসিসিকে বলেন, 'নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলার পর আইসিসি মাসসেরা নির্বাচিত হওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। নিজেদের মাঠে এমন সাফল্য পাওয়ায় সিরিজটা আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। এটি আমি সারাজীবন মনে রাখব।'

সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি যোগ করেন, 'পুরো সময় আমার সতীর্থরা অটল সমর্থন দিয়েছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও দলের জন্য আরও জয় ও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।'

প্রিন্ট

আরও সংবাদ