খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কর বাড়বে সম্পদ মালিকদের, উপজেলা পর্যন্ত বাড়বে ভ্যাটের আওতা

বাড়ছে করমুক্ত আয়সীমা, নিত্যপণ্যের ওপর উৎসে কর দশমিক ৫০ শতাংশ নির্ধারণ

খবর প্রতিবদন |
০১:৪৩ এ.এম | ১৫ মে ২০২৬


আগামী অর্থবছরের বাজেটের চাপ এবং উন্নয়ন ব্যয় মেটাতে নতুন উৎস থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এবার করের আওতা যেমন বাড়বে, তেমনি কর ছাড় থেকেও বেরিয়ে আসতে চায় সরকার। কর বাড়বে সম্পদ মালিকদের। উপজেলা পর্যন্ত বাড়বে ভ্যাটের আওতা। মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
রাজস্ব ঘাটতি ও আন্তর্জাতিক ঋণের শর্ত মেটাতে করের আওতা ও আদায় বাড়ানো সরকারের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। ঘাটতি থাকলেও আগামী বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হচ্ছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। 
উচ্চাভিলাসী এই লক্ষ্যমাত্রা পূরণে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর আদায় করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব। সবচেয়ে বেশি কর আদায় হবে স্থানীয় পর্যায়ে মূসক (মূল্য সংযোজন কর) এবং আয়কর ও ভ্রমণ কর থেকে, যা মোট লক্ষ্যের ৭৪ শতাংশ। অন্যদিকে, আমদানি-রপ্তানি পর্যায়ে শুল্ক কর আদায় হবে ২৬ শতাংশ।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংক জমার ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক না নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার এক বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) খসড়া পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া ওই  বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টায়। 
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চাল, ডাল, চিনি, খেজুরসহ সব ধরনের নিত্যপণ্যের ওপর থাকা উৎসে কর বাড়ছে না, আগের মতোই দশমিক ৫০ শতাংশ থাকছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছর থেকেই ১ শতাংশ হারে সম্পদ কর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ২৫ শতাংশ উৎসে কর বসছে অনলাইন গেমিংয়ের ওপর।
এদিকে দামি বৈদ্যুতিক প্রাইভেটকার ছাড়া সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট কারের কর কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিলাসবহুল গাড়ি বা ৩ হাজার ৫০০ সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও ১ হাজার ৫০০ সিসির ক্ষেত্রে তা ২৫ হাজার টাকাই থাকছে।
অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করে ভ্যাট বসতে পারে কেরু অ্যান্ড কোম্পানির মদে। আর ব্যাংক এ্যাকাউন্ট খুলতে লাগবে বিআইএন নম্বর (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর)। তবে বিআইএন নম্বর পেতে ভ্যাট কর্মকর্তার অনুমোদন লাগবে না, তাৎক্ষণিক এটি পাওয়া যাবে। এছাড়া নতুন ট্যাক্স আসতে পারে মোটরবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশায়।
আগামী অর্থবছরে এনবিআরের মাধ্যমে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। পাশাপাশি নন-এনবিআর এবং নন-ট্যাক্স মিলিয়ে আরও ৯১ হাজার কোটি টাকার রেভিনিউ আদায়ের লক্ষ্য সরকারের।
আগামী বাজেট থেকে সম্পদ কর চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে জমি ও স্থাবর সম্পদের মূল্য নির্ধারণে দলিল মূল্যের পরিবর্তে বাজারভিত্তিক বা মৌজামূল্য ব্যবহারেরও উদ্যোগ নিচ্ছে সরকার।
করের আওতায় আসছে ‘বাংলা টেসলা’ হিসেবে পরিচিত ব্যাটারিচালিত অটোরিকশা। পরিকল্পনা অনুযায়ী, বছরে তাদেরকে ৫ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে। এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ এলাকায়ও এই কর নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি বাধ্যতামূলক করা হচ্ছে হচ্ছে নিবন্ধনও।
আগামী অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলের ওপরও ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে।
এ প্রসঙ্গে আয়কর বিশ্লেষক আশরাফ হোসেন খান বলেন, 'সরকারি ব্যয়গুলো সরকারি উন্নয়নের কাজে যদি শতভাগ স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার সহিত ব্যয় করে তখন মানুষ আর প্রশ্ন তুলতে পারবে না যে, আমরা কেন কর দিব। সরকারি উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে, সরকারি সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তাহলে মানুষ অবশ্যই কর দিবে। মানুষের মধ্যে কর দেওয়ার প্রবণতা অনেক বাড়বে। 
করের আওতা বাড়াতে এনবিআর উপজেলা পর্যায়ের ছোট ব্যবসায়ীদেরও ভ্যাটের আওতায় আনছে। এ লক্ষ্যে ২০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনবে এনবিআর। ছোট ব্যবসায়ীদের ৫০০ থেকে ১ হাজার টাকার টোকেন ভ্যাট দিতে হতে পারে। 
ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘ঢাকার বাইরে কোনো একটা জেলা সদরে দোকান নিয় ব্যবসা করছে গত ৩০ বছর ধরে। কিন্তু খাতা টানতে গেলে বলে, “লস, আমি লসে আছি।” তাহলে সে ৩০ বছর ধরে ওখানে ব্যবসা কীভাবে করছে? অতএব আমাদেরও এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে যে, আমি ট্যাক্স দিব না, আমি ভ্যাট দিব না। এভাবে করলেতো চলবে না।’ 

প্রিন্ট

আরও সংবাদ