খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণমাধ্যমের সাথে জনগণের আস্থা জড়িত : বাগেরহাটের ডিসি

তথ্য বিবরণী |
০২:২২ এ.এম | ১৫ মে ২০২৬


খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র আয়োজনে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, গণমাধ্যমের সাথে জনগণের আস্থা জড়িত। একটি সত্য ও সঠিক সংবাদ সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তথ্য সংগ্রহ ও উপস্থাপনা সাংবাদিকদের প্রধান কাজ। তাই সত্য তথ্য যাচাইয়ে ফ্যাক্ট চেকিং অপরিহার্য। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের প্রধান উপকারিতা হলো ভুয়া খবর, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা। এটি জনপরিসরে বিভ্রান্তি কমায়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সহায়তা করে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সঠিক তথ্য প্রচারে ফ্যাক্ট চেকিং এ গুরুত্ব দিচ্ছে। অপতথ্য, কুতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরো বেশি দক্ষ হতে হবে। সত্য তথ্য অনুসন্ধানে ফ্যাক্ট চেকিং চর্চা বাড়াতে হবে। আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী বলে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান। মূল প্রবন্ধে অপতথ্যরোধে ফ্যাক্ট চেকিং-এর গুরুত্ব তুলে ধরা এবং বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে ধারণা দেয়া হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। সেমিনারে বাগেরহাটের ৪০ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ