খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু

খবর প্রতিবেদন |
০৫:১০ পি.এম | ১৫ মে ২০২৬

 

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম রোগ নিশ্চিত হওয়া গেছে। বাকিরা সন্দেহজনক হাম রোগে মরা গেছে, অর্থাৎ তাদের শরীরে হামের উপসর্গ ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। এই সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ জন শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৪ জন শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যুর সংখ্যা ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। অর্থাৎ এই সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫১ জনে।

প্রিন্ট

আরও সংবাদ