খুলনা | শুক্রবার | ১৫ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনের ফুল দেখে মুগ্ধ ট্রাম্প, বীজ উপহার দিতে চাইলেন শি জিনপিং

খবর প্রতিবেদন |
০৫:৪১ পি.এম | ১৫ মে ২০২৬

 

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‘গঠনমূলক’ একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্কে পৌঁছানোর কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের দ্বিতীয় দিনেও তার সঙ্গে দেখা করেছেন তিনি।

শুক্রবার (১৫ মে) সকালে ট্রাম্পকে জংনানহাই লিডারশিপ কম্পাউন্ড ঘুরে দেখান শি, যেখানে তিনিসহ চীনের শীর্ষ নেতারা বসবাস করেন ও সেখান থেকে কাজকর্ম পরিচালনা করেন। দুই নেতাকে এসময় বেশ হাসিখুশি ও কিছুটা হালকা মেজাজে দেখা যায়।

হেঁটে হেঁটে ঘোরার সময় শি বলেন, এই জায়গাটি একসময় সম্রাটের উদ্যানের অংশ ছিল, এই প্রাঙ্গণে প্রচুর ইতিহাস রয়েছে। তিনি আরও যোগ করেন, তাদের হাঁটার সময় যে গাছটি তারা দেখেছিলেন, সেটির বয়স ৪৯০ বছর।

হাঁটার সময় এক পর্যায়ে ট্রাম্প বলেন, ‘এগুলোই কারও দেখা সবচেয়ে সুন্দর গোলাপ।’ শি জানান, বাগানে তারা যে চীনা গোলাপ দেখেছেন, তার বীজ তিনি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠাবেন। ট্রাম্প বলেন, ‘আমি এটি খুব পছন্দ করি, এটি দারুণ।’

পরে চায়ের ঘরের দিকে যাওয়ার সময়ও ট্রাম্পকে বলতে শোনা যায়, শি তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ দেবেন।

জংনানহাই প্রাঙ্গণে ট্রাম্প ও শির হাঁটার সময় ধারণ করা একটি ভিডিওতে তাদের কথোপকথন শোনা গেছে।

ট্রাম্প ও শি তাদের দোভাষীদের সঙ্গে একটি বাগানে দাঁড়িয়ে থাকার সময় শি’র কাছে ট্রাম্প জানতে চান, ‘আমি কি প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে পারি— অন্য দেশ থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যেমন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীদের, তিনি কি এখানে নিয়ে আসেন?’

শি জবাব দেন, ‘খুবই কম। আমরা সাধারণত এখানে কূটনৈতিক আয়োজন করি না। যদিও এরকম কিছু আয়োজন শুরু হয়েছে, এরপরও এটি এখনো অত্যন্ত বিরল।’ তিনি আরও বলেন, ‘উদাহরণ হিসেবে, পুতিন।’ পূর্ববর্তী সফরগুলোর সময় রাশিয়ার প্রেসিডেন্ট একাধিকবার জংনানহাই পরিদর্শন করেছেন। ট্রাম্প বলেন, ‘ভালো। আমার এটা পছন্দ হয়েছে।’

পরে ট্রাম্প ও শি দুইজনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ট্রাম্প জানান, তারা বাণিজ্য, ইরান এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভিন্ন অনেক সমস্যা সমাধান করেছেন, যেগুলো অন্য কেউ সমাধান করতে পারত না।

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের পারমাণবিক অস্ত্র থাকুক এটা আমরা চাই না এবং আমরা চাই প্রণালিটি (হরমুজ) খোলা থাকুক।’

এরপর তিনি শিকে ধন্যবাদ জানান এবং বলেন, বেইজিংয়ে সফর করতে পারা তার জন্য সম্মানের। তিনি জানান, ২৪শে সেপ্টেম্বর তারা আবার সাক্ষাৎ করবেন, যখন শি যুক্তরাষ্ট্র সফরে যাবেন। বিষয়টিকে ‘পাল্টাপাল্টি শুল্কের মতো পাল্টাপাল্টি সফর’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, তিনি আশা করেন শি যুক্তরাষ্ট্র দেখে সেইভাবেই মুগ্ধ হবেন, যেমন এই সফরে ট্রাম্প চীনকে দেখে মুগ্ধ হয়েছেন।

এ দিকে বৃহস্পতিবার যখন দুই প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন, তখন রাশিয়া ঘোষণা করে যে পুতিন খুব শিগগিরই আবার চীন সফর করবেন।

প্রিন্ট

আরও সংবাদ