খুলনা | শনিবার | ১৬ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগ্রাসনের দায়ে রাশিয়ার বিচার

ইউক্রেনের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনে ৩৬ দেশের অনুমোদন

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ১৬ মে ২০২৬


ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার বিচার করতে ৩৪টি ইউরোপীয় দেশসহ অস্ট্রেলিয়া, কোস্টারিকা এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভবিষ্যতে একটি বিশেষ ট্রাইব্যুনালে যোগ দেওয়ার বিষয়ে শুক্রবার  সম্মতি প্রকাশ করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।
২০২২ সালে রাশিয়ার শুরু করা এই যুদ্ধে ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করার জন্য একটি আইনি সংস্থা গঠন করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর কাউন্সিল অব ইউরোপের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
সংস্থাটির ৪৬টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত ‘কাউন্সিল অব মিনিস্টার্স’ এক বৈঠকে এই ভবিষ্যৎ ট্রাইব্যুনালের ভিত্তি স্থাপনের জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, কাউন্সিলের ৩৪টি সদস্য রাষ্ট্র ছাড়াও একটি প্রতিষ্ঠান হিসেবে ইউরোপীয় ইউনিয়ন এবং কোস্টারিকা ও অস্ট্রেলিয়া আদালত প্রতিষ্ঠার এই চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
মহাদেশজুড়ে মানবাধিকার ও গণতন্ত্রের রক্ষক হিসেবে পরিচিত কাউন্সিল অব ইউরোপের মহাসচিব অ্যালাইন বারসেট এ প্রসঙ্গে বলেন, রাশিয়াকে তাদের আগ্রাসনের জন্য জবাবদিহিতার আওতায় আনার সময় দ্রুত ঘনিয়ে আসছে। অ্যালাইন বারসেট বিবৃতিতে আরও বলেন, এই বিশেষ ট্রাইব্যুনাল ন্যায়বিচার ও আশার প্রতীক। এখন এই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম ও অর্থায়ন নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ফ্রান্স-ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটির সদস্যদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ ছাড়াও ব্লকের বাইরের গুরুত্বপূর্ণ ইউরোপীয় রাষ্ট্র যেমন-তুরস্ক, ব্রিটেন ও ইউক্রেন অন্তর্ভুক্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়াকে কাউন্সিল অব ইউরোপ থেকে বহিষ্কার করা হয়।
কিয়েভ এবং তার সমর্থকরা রাশিয়ার যুদ্ধের বিচার চায় এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা গত বছর এক বৈঠকে এই বিচার বিভাগীয় সংস্থা গঠনের বিষয়টি সমর্থন করেছিলেন। এই ট্রাইব্যুনাল, যা প্রাথমিকভাবে এই বছর থেকে কাজ শুরু করার কথা ছিল, তাত্তি¡কভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষস্থানীয় ব্যক্তিদের বিচার করতে পারে।
হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যে ইউক্রেনীয় শিশুদের অপহরণের দায়ে পুতিনের বিরুদ্ধে এবং হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার দায়ে তাঁর চারজন শীর্ষ কমান্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে আগ্রাসন শুরু করার মতো মৌলিক সিদ্ধান্তের জন্য রাশিয়ার বিচার করার এখতিয়ার আইসিসি-র নেই।
কাউন্সিল অব ইউরোপের ১২টি সদস্য রাষ্ট্র এখনো ট্রাইব্যুনাল বিষয়ক চুক্তিতে যোগ দেয়নি, যার মধ্যে ইইউ সদস্য হাঙ্গেরি, স্লোভাকিয়া, বুলগেরিয়া এবং মাল্টা রয়েছে। এছাড়া স্বাক্ষর না করা অন্য দেশগুলোর মধ্যে চারটি বলকান দেশ-সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, উত্তর মেসিডোনিয়া ও আলবেনিয়া এবং আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া ও তুরস্ক অন্তর্ভুক্ত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ