খুলনা | শনিবার | ১৬ মে ২০২৬ | ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৩ এ.এম | ১৬ মে ২০২৬


খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে দুলাল আলী নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল আলীর (৪৫) বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানায় বলে জানা গেছে।
সহকর্মী শ্রমিকরা জানান, প্রায় দেড় মাস আগে তারা প্রায় ৩০ জন শ্রমিক একসঙ্গে খুলনা জেনারেল হাসপাতালের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণকাজে যোগ দেন। দুলাল আলী রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার বিকেলে নির্মাণাধীন ভবনের ওপরের অংশে কাজ করার সময় অসাবধানতাবশতঃ নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামীমুজ্জামান সাগর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, সদর হাসপাতালের ৬তলা ভবনের কাজ করা অবস্থায় পা পিছলিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ পরে তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের কেউ এখনো কোনো যোগাযোগ করেনি। তারা কোনো অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ