খুলনা | রবিবার | ১৭ মে ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভেঙে দেওয়া হচ্ছে ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’

সফর শুরু শুভেন্দুর, আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ১৭ মে ২০২৬


শপথ নেওয়ার পর শনিবার প্রথম জেলা সফরে বের হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে গিয়ে প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পাশাপাশি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), এডিজি (দক্ষিণবঙ্গ) সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রাজ্যের অন্যান্য জেলার পুলিশ সুপাররাও ভাচ্যুয়ালি বৈঠকে অংশ নেন। বৈঠক থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
তিনি ঘোষণা করেন, পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ভেঙে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত এই বোর্ড পরে একটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল।
সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় মামলা দায়েরের নির্দেশও দেন তিনি।
প্রশাসনিক বৈঠকের পর ফলতায় একটি কর্মীসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লাখের বেশি ভোটে জেতানোর আহŸান জানান তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, ‘বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। নির্বাচনী সংকল্পপত্রে দেওয়া সব প্রতিশ্র“তি পূরণ করা হবে।’
সভা থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ‘তৃণমূলের কোনো নেতাকর্মী যদি ঘরছাড়া থাকে, তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ সুপারের। তবে ২০২১ সালের ভোট-পরবর্তী সহিংসতার ঘটনায় নাম থাকা চলবে না।’
একইসঙ্গে তার হুঁশিয়ারি, ‘কোনো গুন্ডাকে রেয়াত করা হবে না। মানুষ অভিযোগ জানাতে এলে এফআইআর গ্রহণ করতেই হবে।’
সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ‘যারা মা-বোন, দিদি ও শিশু কন্যাদের ওপর নির্যাতন করে এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরও ছাড়া হবে না।’২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়। শেষ দফার ভোটে অশান্তি ও কারচুপির অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভা আসনে পুনঃনির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ২১ মে সেখানে ভোটগ্রহণ হবে। ২৪ মে ভোট গণনা। তার আগে সভা থেকে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রিন্ট

আরও সংবাদ