খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অলআউটের আগে লেজের আঘাত পাকিস্তানের, বাংলাদেশের লিড

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৩৮ পি.এম | ১৭ মে ২০২৬

 

মাঝে বাবর আজমের ইনিংস বাদে প্রায় পুরো সময়েই নিয়ন্ত্রণটা ছিল বাংলাদেশের হাতে। ফলে স্বাগতিকদের বড় লিড পাওয়াই ছিল স্বাভাবিক বিষয়। কিন্তু অলআউট হওয়ার আগে পাকিস্তান লেজের আঘাত দিয়েছে। ২৮ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে ব্যবধান কমিয়েছেন নয় নম্বরে নামা সাজিদ খান। শেষ পর্যন্ত সফরকারীদের ২৩২ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছে।

বাংলাদেশের লিডটা আরও বড় হয়নি সাজিদের পাগলাটে ব্যাটিংয়ে। ২ চার ও ৪ ছক্কায় তিনি ৩৮ রান করেছেন। এর আগে পাকিস্তানের পক্ষে ৮৪ বলে ১০টি চারের সাহায্যে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাজিদের ব্যাটে। বোঝাই যাচ্ছে স্বীকৃত ব্যাটারদের বেশ বড় পরীক্ষা দিতে হয়েছে রানা-তাসকিনদের সামনে। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন।

প্রথম দিন শেষে লিটন দাস বলেছিলেন, দল বোলারদের ওপর ভরসা রাখছে। আজ সকালে সেই আস্থার পুরো প্রতিদান দিয়েছেন টাইগার পেস ও স্পিন বিভাগ। শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের ওপর চাপ ধরে রেখে একের পর এক উইকেট তুলে নিয়েছেন তারা।

দিনের দ্বিতীয় ওভারেই প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। আব্দুল্লাহ শফিকের ব্যাটের কানায় লেগে বল চলে যায় লিটন দাসের কাছে। বাঁদিকে ঝাঁপিয়ে দুই হাতে অসাধারণ ক্যাচ ধরে দলকে উৎসাহ জোগান লিটন।

প্রথম টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইসও বেশিক্ষণ টিকতে পারেননি। তাসকিনের দেরিতে সুইং করা বলে বিভ্রান্ত হয়ে শর্ট লেগে ক্যাচ দিয়ে ৩৪ বলে মাত্র ১৩ রান করে ফিরে যান তিনি।

এরপর শান মাসুদ ও বাবর আজম মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে বাংলাদেশি বোলাররা সুযোগ তৈরি করতে থাকেন। শরীফুল ইসলামের একটি বল বাবরের ব্যাট ছুঁয়ে লিটনের মাথার ওপর দিয়ে কোনোমতে বেরিয়ে যায়। নাহিদ রানার একটি দ্রুতগতির বলে শান মাসুদের প্যাডে আঘাত হলে রিভিউ নেয় বাংলাদেশ, কিন্তু বল ব্যাটে লেগে প্যাডে যাওয়ায় আউট হয়নি।

তবে এই জুটি বেশিক্ষণ টেকেনি। অধিনায়ক শান্ত শরীফুলকে সরিয়ে নাহিদকে আনেন এবং অন্য প্রান্তে মেহেদী হাসান মিরাজকে আনেন। মিরাজের প্রথম ওভারেই শান মাসুদ ২১ রানে আউট হন। শর্ট কাভারে বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে সহজ ক্যাচ দেন তিনি। তখন পাকিস্তানের স্কোর ছিল ৬১ রানে ৩ উইকেট।

মিরাজ পরে সৌদ শাকিলের ওপরও চাপ বাড়াতে থাকেন। ২৮ বলে মাত্র ৮ রান করা শাকিল সুইপ খেলতে গিয়ে বল উপরে তুলে দেন। লিটন দাস সহজ ক্যাচ ধরলে পাকিস্তান ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা এবং শেষ পর্যন্ত ২৩২ রানে অলআউট হয়।

প্রিন্ট

আরও সংবাদ