খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল, আইনি বাধা নেই কারামুক্তিতে

খবর প্রতিবেদন |
০৫:৩৫ পি.এম | ১৭ মে ২০২৬

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় এ আদেশ দেন আদালত।

রোববার (১৭ মে) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন শুনানিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে, গত ১০ মে আইভীর ১০টি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এই দুই মামলাসহ মোট ১২ মামলায় আইভীর জামিন বহাল রয়েছে। আগের জামিন পাওয়া ১০টির মধ্যে ছয়টি হত্যা, বাকিগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা, সরকারি কাজে বাধাদানের মামলা ছিল।

এই আদেশের ফলে আইভীর কারামুক্তিতে এখন আর আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় ৩০ এপ্রিল হাইকোর্ট রুল দিয়ে আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে। আবেদন দুটি চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় ৪১ ও ৪২ ক্রমিকে ওঠে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন অংশ নেন। অপরদিকে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান।

পরে তার আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, ১২ মামলায় আইভীকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ ও জামিন বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আদেশ কারা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর কাজ চলছে। আশা করছি, এ সপ্তাহেই তিনি মুক্তি পাবেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোট ১২ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে সাতটির এজাহারে তার নাম নেই। এক বছর পার হলেও তার বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

প্রিন্ট

আরও সংবাদ