খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির নতুন কাউন্সিলর হলেন খুলনার চৌধুরী শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৪ পি.এম | ১৭ মে ২০২৬

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম।

তিনি সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, খুলনা মোহামেডান ক্লাবের সদস্য এবং কমল স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার রাতে তিনি নিজেই কাউন্সিলর মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি ঢাকার স্মারক নং-বিসিবি/নির্বাচন-২৬/২০২৬/ক্যাটাগরি-১/৩৯৪ (৫) এর প্রেক্ষিতে সাধারণ পরিষদের ও কাউন্সিলরদের এই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ৯.১ (ক) এবং (খ) ধারা অনুযায়ী এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এই নিয়ম ও আইনি প্রক্রিয়ার আলোকেই খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বিসিবির কাউন্সিলর করা হয়েছে।

ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা চৌধুরী শফিকুল ইসলামের এই মনোনয়নকে ঘিরে খুলনার ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় খুলনার ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলো তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় ক্রীড়ামোদিরা আশা প্রকাশ করেছেন যে, নবমনোনীত বিসিবি কাউন্সিলর চৌধুরী শফিকুল ইসলাম হোসেন খুলনার ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে ক্রিকেটের প্রসারে আগামীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রিন্ট

আরও সংবাদ