খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, আফগানস্তান তিউনিসিয়া, তুরস্কেও ঈদুল আযহার তারিখ ঘোষণা

সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা ২৭ মে

খবর প্রতিবেদন |
০১:৪৭ এ.এম | ১৮ মে ২০২৬


সৌদি আরব, আরব আমিরাত ও ওমাননহ মধ্যপ্রাচ্যের  দেশে ২৭ মে পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬  মে।
এর আগে, পবিত্র জিলহজ মাস ও ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্র“নেই। রোববার এই তিন দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আযহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে। এছাড়া আফগানস্তান, তিউনিসিয়া, তুরস্কেও পবিত্র ঈদুল আযহা ২৭ মে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হতে পারে।
সৌদি আরব : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আযহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। 
এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে রোববার ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
রোববার এসব দেশের সংশ্লিষ্ট চাঁদ দেখা বিষয়ক কমিটি জিলহজ মাস শুরুর ও পবিত্র ঈদুল আযহার ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করেছে।
ব্রুনাই : দেশটির সালতানাত জানিয়েছে, রোববার দেশটির আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ১৯ মে (মঙ্গলবার) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
মালয়েশিয়া : দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে। দেশটির রাজা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম ‘অ্যাস্ট্রো আওয়ানি’ জানিয়েছে, ১৪৪৭ হিজরির ১ জিলহজ শুরু হবে আজ সোমবার (১৮ মে)। সেই হিসাবে ১০ জিলহজ তথা পবিত্র ঈদুল আযহা পালিত হবে আগামী ২৭ মে।
দেশটির রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন জাতীয় টেলিভিশনে সরাসরি স¤প্রচারে এ ঘোষণা দেন।
এদিকে এই ঘোষণার আগেই দেশজুড়ে স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসী মুসলিমদের মধ্যেও ঈদুল আযহার প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন মসজিদ, সুরাউ ও ইসলামিক সংগঠন ইতোমধ্যে কুরবানি এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করেছে। 
রাজধানী কুয়ালালামপুরসহ সেলাঙ্গর, পেনাং, জোহর ও অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনের আশা করছেন তারা।
ওমান : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আযহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে দেশটির চাঁদ দেখা কমিটি বলেছে, ওমানের আকাশে রোববার পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। এর ফলে দেশে আগামী ২৭ মে (বুধবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
আফগানিস্তান : পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে আফগানিস্তান। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে। রোববার আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। আজ সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।
সাধারণত আফগানিস্তানে নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় উৎসবগুলোর তারিখ নির্ধারণ করা হয়। কখনো কখনো এই তারিখ প্রতিবেশী দেশগুলোর চেয়ে আলাদা হয়।
ইসলাম ধর্মের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে মহান আল­াহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলিমরা। হযরত ইব্রাহিমের (আঃ) মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসবটি সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতার সঙ্গেই সামঞ্জস্য রেখে উদযাপিত হয়।
তিউনিসিয়া ও তুরস্ক : বিশ্বে সবার আগে পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দু’টি দেশই জানিয়েছে, ২৭ মে (বুধবার) দেশ দু’টিতে ঈদুল আযহা উদ্যাপিত হবে।
রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে, আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের ১ তারিখ শুরু হবে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালিত হয়। সে হিসেবে ২৭ মে (বুধবার) ঈদ উদ্যাপিত হবে দেশ দু’টিতে।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার (১৬ মে) তিউনিসিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আযহার তারিখ ঘোষণা করে। অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা নয়, জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে।
তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) থেকে জিলহজ মাস শুরু হবে।
ইন্দোনেশিয়া : পবিত্র ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল আযহার ওই তারিখ ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় বলেছে, ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস আগামী ১৮ মে (সোমবার) থেকে শুরু হবে। সেই অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদ্যাপিত হবে।
দেশটির বার্তা সংস্থা আনতারার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাজধানী জাকার্তায় আয়োজিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর বলেছেন, ‘‘চাঁদের হিসাব ও পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ হবে আগামী ১৮ মে। ফলে দেশে ঈদুল আযহা উদ্যাপিত হবে ২৭ মে (বুধবার)।’’
ইন্দোনেশিয়ার ৮৮টি ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পর্যবেক্ষণের ফলাফলে দেখা গেছে, নতুন চাঁদের অবস্থান ব্র“নাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ধর্মমন্ত্রীদের নির্ধারিত মানদণ্ড ছাড়িয়ে গেছে। হিজরি মাস শুরুর জন্য এই মানদণ্ড অনুযায়ী, চাঁদের উচ্চতা কমপক্ষে ৩ ডিগ্রি এবং কৌণিক দূরত্ব ৬ দশমিক ৪ ডিগ্রি হতে হয়।
দেশটির ধর্মমন্ত্রী নাসারুদ্দিন উমর বলেন, বৈঠকে উপস্থাপিত চাঁদ দেখার প্রতিবেদনের ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, জ্যোতির্বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির তৈরি গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব বা হিসাব পদ্ধতির সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। 
সূত্র: আনতারা, গালফ নিউজ।

প্রিন্ট

আরও সংবাদ