খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক সীমান্তে অর্ধগলিত মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ১৮ মে ২০২৬


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নিখোঁজের এক সপ্তাহ পর মোঃ শওকত আলী (৩৬) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়া গ্রামের মৃত মিজানের ছেলে। শনিবার মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান।
তিনি জানান, গত ৯ মে অন্যদের সঙ্গে গরু আনতে ভারতের দিকে গিয়েছিলেন শওকত আলী। তার সঙ্গে থাকা অন্যরা ফিরে এলেও তিনি নিখোঁজ ছিলেন। গতরাতে ওই এলাকার জেলেরা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে এবং পরিবারকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে গোপনে দাফনের প্রস্তুতি নিলে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। 
স্থানীয়দের অভিযোগ, গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এর আগেও সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনাটি তদন্তে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।
 

প্রিন্ট

আরও সংবাদ