খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাথমিকে নতুন কারিকুলামের আগে দুই বছর প্রশিক্ষণ পাবেন শিক্ষকেরা : ববি হাজ্জাজ

খবর প্রতিবেদন |
০১:৫৭ এ.এম | ১৮ মে ২০২৬


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। ২০২৭ এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহ আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে-শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। সকল কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে-শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার ওপর। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণি কক্ষের প্রয়োজনীয়তা রয়েছে।
তিনি বলেন, ভাষা, গণিত, সিটি এডুকেশন এবং একই সঙ্গে স্পোর্টস, কালচার এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। এই নতুন কারিকুলাম ক্লাসরুম আবদ্ধ থাকবে না। সুতরাং আগামী দিনগুলোতে আমরা স্কুল ও ক্লাসরুম তৈরি করি, ওয়াশরুম তৈরি করি প্রত্যেকটা স্ট্রাকচার হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শেখাতে পারলাম, তার ওপর ভিত্তি করে।
প্রতিমন্ত্রী বলেন, টেক্সট বুক কাদের জন্য, কোন কনটেক্সটে বানানো হচ্ছে, এর লার্নিং আউটকামটা কি? প্রত্যেকটা জিনিস হবে আউটকামের ভিত্তিতে, লার্নিং আউটকামের ভিত্তিতে। শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারি, এটাই হবে মাপকাঠি। এ সময় নেপের মহাপরিচালক ফরিদ আহমদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ