খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায়

ফুলতলায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটে আটক

ফুলতলা প্রতিনিধি |
০২:১০ এ.এম | ১৮ মে ২০২৬


বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মরিয়ম খানম রওফে নদী (১৭) নামে এক পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে আশিক শেখ (২৫) নামে এক বখাটে। ঘটনাটি ঘটে রোববার বেলা পৌনে ২টার দিকে ফুলতলা খাদ্য গুদাম খেয়াঘাটে। এলাকাবাসী বখাটে আশিক শেখকে ধরে পুলিশে সোপর্দ করে। সে অভয়নগরের গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমান শেখের পুত্র। 
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, অভয়নগর সিদ্ধিপাশা গ্রামের মোঃ বাদশা গাজীর কন্যা মরিয়ম খানম রওফে নদী স্থানীয় সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার ফুলতলা রি-ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে বিজ্ঞান পরীক্ষা শেষে তার মা ও বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ফুলতলা খাদ্য গুদাম ঘাটে খেয়া নৌকায় উঠার সাথে সাথেই তার মা ও বাবাকে ধারালো ছুরি দিয়ে ধাওয়া করে। এ সময় মরিয়ম নৌকার উপর পড়ে গেলে তার পিঠের ডান পাশে আশিক ছুরিকাঘাত করলে সে গুরুতর জখম হয়। এলাকাবাসী আশিককে ধাওয়া করে দামোদর নলুয়া পাড়া এলাকায় ধরে ফেলে গণপিটুনি দিয়ে টহল পুলিশে সোপর্দ করে। অপর দিকে আহত মরিয়মকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলতলা হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
মরিয়মের মাতা টুকটুকি বেগম বলেন, প্রায় দুই বছর ধরে আশিক শেখ আমার মেয়েকে বিয়ের প্রস্তাব এবং পথে ঘাটে উত্যক্ত করত। বিষয়টি আশিকের পিতা আজিজুর রহমান শেখকে অবহিত করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। গত ২১ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে পরিবারের লোকজন মেয়েকে সাথে নিয়ে ফুলতলা রি-ইউনিয়ন স্কুল কেন্দ্রে পৌঁছানো এবং বাড়িতে নিয়ে আসা হয়। তবে প্রতিদিনই বাজারের বিভিন্ন মোড় ও স্কুলের সামনে আশিক আমাদেরকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাত। গতকাল পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে আমাদেরকে গুলি করে হত্যার হুমকী এবং মরিয়মকে ছুরি মারে। এ ব্যাপারে মরিয়মের পিতা মোঃ বাদশা গাজী বাদী হয়ে আশিক শেখকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন।  

প্রিন্ট

আরও সংবাদ