খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাস্তায় কোন কোরবানির হাট বসানো যাবে না

তথ্য বিবরণী |
০২:১২ এ.এম | ১৮ মে ২০২৬


খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখতে বলেন। তিনি আরও বলেন, নদী পুনঃখনন ও খাল খননকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। খাল খননের অগ্রগতি রিপোর্ট প্রদানের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নেওয়া যাবে না।
গতকাল রোববার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, শিশুদের হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে এবং এখনও টিকা প্রদান চলমান রয়েছে। 
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা জেলায় মোট কোরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা এক লাখ ৬৩ হাজার ২২৯টি এবং কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা সংখ্যা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি এবং উদ্বৃত্ত আট হাজার সাতশ’ ৭৩টি। এবার খুলনা জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা ২৫টি। ২৫টি হাটে ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ