খুলনা | সোমবার | ১৮ মে ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডুমুরিয়াকে দেশের সেরা ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : এমপি লবি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:১৩ এ.এম | ১৮ মে ২০২৬


খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি এমপি বলেন, মাত্র দুই মাস হল বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এরই মধ্যে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছে। মানুষ এখন কর্ম করে খেতে চায়। বিগত সরকারের সময়ে সব কিছু লুটপাট করে ধ্বংস করে রেখে গেছে। নদী-খাল খননের বরাদ্দ হয়েছে ঠিকই কিন্তু তারা কাজ করে যায়নি। মানুষের সম্পদ লুটেপুটে খেয়ে গেছে। তারা দেশের জন্য কিছুই করে যায়নি। কিন্তু আমাদের সরকার মানুষের জন্য কাজ করতে চায়। তাই তো আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে খাল খনন শুরু করেছেন। তিনি দেখেছেন নদীখাল গুলো ভরাট হয়ে বদ্ধ হয়ে গেছে। কোথাও পানি নেই। দেশের উন্নয়নে সবার আগে দরকার খাদ্য উৎপাদন করা। কিন্তু পানি না থাকলে কৃষি কাজ বা মাছ চাষ কিছুই সম্ভব নয়। তাই তিনি পানির সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। যাতে দেশের কৃষক ভাইয়েরা ঠিক মত ফসল ফলাতে পারেন। ঠিক তেমনি আমিও চাই, আমার নির্বাচনী এলাকা তথা ডুমুরিয়া ফুলতলায় যেন কোন সমস্যা না থাকে। এখানে কৃষক তার মনের আনন্দে জমিতে ফসল ফলাবেন, মৎস্য চাষিরা মন খুলে মাছ উৎপাদন করবেন। শিক্ষার্থীরা পড়ায় মনোযোগী হবে। অফিসার, ব্যবসায়ী, পেশাজীবি সবাই সততার সঙ্গে সুন্দরভাবে এই ডুমুরিয়ার উন্নয়নে কাজ করবেন। আমার প্রত্যাশা ডুমুরিয়া হবে দেশের মধ্যে সেরা ও আদর্শ একটি উপজেলা। 
রোববার বিকেলে ডুমুরিয়া উপজেলায় মৎস্যজীবী গ্রাম সমিতির সদস্যদের মাঝে ঋণের টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ ঋণ দেয়া হয়। উপজেলা স¤প্রসারিত কমপ্লেক্স ভবনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ বদরুজ্জামান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিএনপি নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হুদা, ইউপি সদর চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ মশিউর রহমান লিটন, মৎস্য চাষি মানিক লাল সরকার, স্বপ্না বিশ্বাস, ওহিদুজ্জামান ও দিপ্তি রানী দাস প্রমুখ। এই অনুষ্ঠানের আগে দুপুরের দিকে তিনি ডুমুরিয়া কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

প্রিন্ট

আরও সংবাদ