খুলনা | মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া মিলে ইউরোপকে দুর্বল করতে চায়: ইইউ

খবর প্রতিবেদন |
০৩:৫৪ পি.এম | ১৮ মে ২০২৬

 

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দুর্বল ও বিভক্ত করতে একযোগে কাজ করছে বলে সতর্ক করেছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস।

রোববার (১৭ মে) এস্তোনিয়ার রাজধানী তালিনে অনুষ্ঠিত লেনার্ট মেরি কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় কাজা কালাস এই মন্তব্য করেন।

তিনি জানান, ইইউ বিশ্বের যে কোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। জোটটি ঐক্যবদ্ধ ভূরাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। এ কারণেই বহিরাগত শক্তিগুলো ইইউর ঐক্য ভাঙতে চায়।

তিনি স্পষ্ট করে বলেন, তারা (যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া) ইউরোপীয় ইউনিয়নকে মোটেও পছন্দ করে না। এটা এখন দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং একসঙ্গে পথ চলি, তবে আমরা তাদের সমকক্ষ ও শক্তিশালী শক্তি হিসেবে টিকে থাকতে পারব।

বর্তমানে ইউরোপের নিরাপত্তা রক্ষায় আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে এক ধরণের সংশয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ইইউ পররাষ্ট্র প্রধানের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।

কালাস তার বক্তব্যে আরও বলেন, পুরো জোটের সঙ্গে দরকষাকষি করার চেয়ে ইউরোপের একক দেশগুলোর সঙ্গে আলাদাভাবে বোঝাপড়া করা বিশ্বশক্তিগুলোর জন্য অনেক সহজ। পরাশক্তিগুলোর এই দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরির চেষ্টাকে তিনি মূলত জোট ভাঙার একটি সুদূরপ্রসারী ‘ভাগ করো এবং শাসন করো’ কৌশলের অংশ হিসেবে আখ্যা দেন।

বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অস্থিরতার কথা স্মরণ করিয়ে দিয়ে কালাস ইউরোপের সরকারগুলোকে সতর্ক করেন। তিনি বলেন, ভেতরের কোন্দল বা বিভাজন বৈশ্বিক অঙ্গনে ইইউর প্রভাবকে অনেকখানি কমিয়ে দেবে। তাই ইউরোপীয় ঐক্য নষ্ট করতে পারে—এমন সব বাহ্যিক চাপ দৃঢ়ভাবে প্রতিহত করার জন্য তিনি জোটের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বক্তব্যের শেষে তিনি আবারও স্মরণ করিয়ে দেন, এই পরাশক্তিগুলো ইউরোপীয় ইউনিয়নকে ভেঙে ফেলতে চায় ঠিক এই কারণেই, আমরা একসঙ্গে থাকলে অনেক বেশি শক্তিশালী।

প্রিন্ট

আরও সংবাদ