খুলনা | মঙ্গলবার | ১৯ মে ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঝিনাইদহে বজ্রপাতে দুই জনের মৃত্যু, আহত ৭

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:৩৭ এ.এম | ১৯ মে ২০২৬


ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। সোমবার বিকেলে সদরের মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) ও শৈলকুপা উপজেলার দামুদকিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)। ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আসাদুল ইসলাম সদরের মায়াধরপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করতে যান। তিনি মাঠে কাজ করছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে বিকেলে ঝড় শুরু হলে শৈলকুপার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যান। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়াও ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার বিভিন্ন এলাকায় বজ্রপাতে নারীসহ আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে শৈলকূপা উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ