খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪৫ পি.এম | ২০ মে ২০২৬

 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় শুধু র‌্যাংকিংয়েই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও বড় পরিবর্তন এনে দিল বাংলাদেশের জন্য। দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর ২০২৫-২৭ চক্রের ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে মিরপুরে প্রথম টেস্ট জিতেছিল ১০৪ রানে। টানা দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট শতাংশ বা পিসিটি বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৩৩। চার ম্যাচ শেষে এই পয়েন্ট শতাংশ নিয়েই ভারতকে টপকে পাঁচে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশের উত্থানে এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে ভারত। তাদের পিসিটি এখন ৪৮.১৫। অন্যদিকে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয়েছে। বাংলাদেশের কাছে সিরিজ হারের পর তারা নেমে গেছে আট নম্বরে। পাকিস্তানের পিসিটি মাত্র ৮.৩৩, তাদের নিচে আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ।

ডব্লিউটিসি টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের পিসিটি ৮৭.৫০। অস্ট্রেলিয়ার পর দুই ও তিনে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সিলেট টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৪৩৭ রান। চতুর্থ ইনিংসে লড়াই করলেও শেষ পর্যন্ত ৩৫৮ রানে অলআউট হয় সফরকারীরা। পঞ্চম দিনের সকালে পাকিস্তান যোগ করতে পারে ৪২ রান। এরপর ১৩ বলের মধ্যে শেষ ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে নেন ৬ উইকেট। শেষ দিনে সাজিদ খানকে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। এরপর শরিফুল ইসলাম ফেরান ৯৪ রান করা মোহাম্মদ রিজওয়ানকে। শেষ উইকেট হিসেবে খুররম শাহজাদকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাইজুল।

রিজওয়ানের বিদায়ের সঙ্গেই পাকিস্তানের শেষ আশা কার্যত শেষ হয়ে যায়। ১৬৬ বলে ১০ চারে ৯৪ রান করে লড়ছিলেন তিনি। সাজিদ খানের সঙ্গে তার জুটি বাংলাদেশকে কিছুটা চাপে ফেলেছিল। তবে তাইজুল সেই জুটি ভেঙে দেন, আর পরের ধাক্কাতেই ম্যাচ বাংলাদেশের হাতে চলে আসে।

পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ। ২০২৪ সালেও পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে একই ব্যবধানে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়েও নিজেদের শক্ত অবস্থানে তুলে আনল শান্তর দল।

প্রিন্ট

আরও সংবাদ