খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল

খবর প্রতিবেদন |
০৪:০৮ পি.এম | ২০ মে ২০২৬

 

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও শেয়ারবাজারে কারসাজির অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২৭ জুলাই প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে নির্ধারিত দিনে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক মো. সাব্বির ফয়েজ নতুন এই তারিখ ঠিক করেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ১৭ মে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ১৬ জুন আদালত সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

মামলার এজাহারে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগে প্রলুব্ধ করত। পরে সেই শেয়ার বিক্রি করে তারা শত শত কোটি টাকা আত্মসাৎ করে।

এজাহারে আরও বলা হয়েছে, আবুল খায়ের ওরফে হিরুর কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগ করেছিলেন সাকিব আল হাসান। এর মাধ্যমে তিনি বাজার কারসাজিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলে প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ লাভ তুলে নেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ