খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাগেরহাট সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৫২ এ.এম | ২১ মে ২০২৬


শিক্ষার্থীদের মতামত উপেক্ষা ও একনায়কতন্ত্রের অভিযোগে বাগেরহাট সরকারি পিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলীর বিরুদ্বে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে হল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীর খবর নাই, ফলের বাগান দেখতে যাই। একনায়কতন্ত্র চলবে না, ছাত্রসমাজ মানবে না। বহিরাগতমুক্ত নিরাপদ হল চাই এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।   
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলী দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব না দিয়ে একক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। কোনো শিক্ষার্থী ন্যায্য দাবি নিয়ে কথা বলতে গেলে তাদের শোকজ, ভয়ভীতি ও মানসিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী নাইম শেখ, জিএম ফায়েজ, পারভেজ হোসাইন, মিহির সাহা, মিরাজুল ও সাকিবসহ আরও অনেকে।  
শিক্ষার্থীরা জানান, আবাসিক হলের ছাদ চুইয়ে পানি পড়ে, ডাইনিংয়ের খাবারের মান নিম্নমানের এবং বহিরাগতদের অবাধ যাতায়াতের কারণে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই বলেও দাবি করেন তারা। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কলেজ প্রশাসনের অধিকাংশ মনোযোগ বাহ্যিক সৌন্দর্য ও ফল-ফলাদির বাগান পরিচর্যায় ব্যয় হচ্ছে, অথচ শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।  মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। 
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে তারা কলেজ বর্জনসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং প্রিন্সিপালের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলী বলেন, একটি কুচক্রিমহল কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করতে সাধারন শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
 

প্রিন্ট

আরও সংবাদ