খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কিঃমিঃ জমি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

খবর প্রতিবেদন |
০১:৩৮ এ.এম | ২১ মে ২০২৬


বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি বিএসএফ’র কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে সচিবালয় নবান্নের সভাঘরে বিএসএফ’র সঙ্গে আয়োজিত এক হাইপ্রোফাইল বৈঠকে জমি হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকের ১০ দিনের মধ্যে বিএসএফকে আনুষ্ঠানিক জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
সীমান্তের নিরাপত্তা জোরদার করতে মূলত দুই ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি ব্যক্তিগত বা কেনা জমি। ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর।
মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই ২২০০ কিমি। সীমান্তে ৬০০ কিমি এলাকায় এখনও কাঁটাতার নেই। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি বলেন, ‘সীমান্তে কাঁটাতারে অনীহা ছিল আগের সরকারের। ৬০০ কিলোমিটারের মধ্যে ৫৫৫ কিলোমিটার বেড়ার জন্য জমি আগের সরকার দিতে পারত। কিন্তু, তা দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘সিএএ-র অন্তর্ভুক্ত নন যারা, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তাদের রাজ্য পুলিশ গ্রেফতার করে বিএসএফর হাতে তুলে দেবে। তারপর তাদের এ দেশ থেকে বের করে দেয়া হবে। এই আইন আজ থেকে কার্যকর হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ’র হাতে তুলে দেয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। সেটি আমরা কার্যকর করলাম।’
অন্যদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে যাব শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতেই তার এই সফর। সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ। এছাড়া বলেন, ‘এবার ঋণ শোধের পালা। বিজেপির দেয়া সব নির্বাচনী প্রতিশ্র“তি পূরণ করা হবে।’

প্রিন্ট

আরও সংবাদ