খুলনা | বৃহস্পতিবার | ২১ মে ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কয়রায় আবুল কালাম আজাদ এমপি

দেশ গঠনে উপকূলের সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে

কয়রা প্রতিনিধি |
০২:১৯ এ.এম | ২১ মে ২০২৬


সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন দেশ গঠনে উপকূলের সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। উপকূল অঞ্চলের সন্তানরা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠে বলেই তারা অধিক পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী হয়ে ওঠে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। 
গতকাল বুধবার বেলা ১১টায় কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয় হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কলেজের গভর্নিং বডির সভাপতি মোল্লা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও প্রভাষক বিদেশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় সভায় তিনি আরও বলেন, এক সময়ের অবহেলিত জনপদ কয়রার চিত্র এখন পরিবর্তন হতে শুরু করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কয়রাকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য যুব সমাজকে সঠিক পথে এগিয়ে আসতে হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে অনেকেই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, ঝরে পড়া রোধ, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ এবং উচ্চশিক্ষায় সহযোগিতা নিশ্চিত করতে কাজ চলমান রয়েছে বলে জানান। এ সময় তিনি কপোতাক্ষ মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালু, ছাত্র হোস্টেল নির্মাণ এবং অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ব ম আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, ইউপি সদস্য আবু হাসান সরদার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল ইসলাম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ