খুলনা | শুক্রবার | ২২ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

পল্লবীতে শিশু হত্যা

রোববারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

খবর প্রতিবেদন |
১২:৪৯ এ.এম | ২২ মে ২০২৬


ঢাকার পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র রোববার বিকালেই আদালতে জমা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার রাতে নিহত শিশুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের পর এই তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সালাহউদ্দিন আহমদও প্রধানমন্ত্রীর সঙ্গে পল্লবীতে নিহত শিশুর বাসায় যান।

তিনি বলেন, পুলিশ বিভাগ সততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন অভিযোগপত্র দেওয়ার পালা। অভিযোগপত্র দেওয়ার আগে এখন ডিএনএ পরীক্ষা সারতে হবে।

আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষার কাজ চলছে। ডিএনএ পরীক্ষার নিয়ম হলো, ন্যূনতম ৪৮ ঘণ্টা সময় লাগে।

যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়, সেটা শেষ হবে রোববার দুপুরের মধ্যে। আমরা রোববার বিকালের মধ্যে ইনশাল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যেন বিচারকার্য নিষ্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব।

বৃহস্পতিবার রাত ৯টা ৫২ মিনিটে পল্লবীর বাসায় আসেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টনও ছিলেন।

প্রধানমন্ত্রী নিহত শিশুর মা-বাবা এবং তার বড় সঙ্গে দেখা করেন এবং তাদেরকে সান্তনা দেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, শিশুটির বড় বোনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য ব্যয় সবকিছু উনি বহন করবেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পরিবার বলেছে যে, এত দ্রুততম সময় এভাবে আসামি গ্রেপ্তার করাটা নজিরবিহীন। আমাদের আইনি পদক্ষেপগুলোতে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট।

ঢাকার পল্লবীতে গত মঙ্গলবার সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সোহেল নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে।

প্রিন্ট

আরও সংবাদ