খুলনা | রবিবার | ২৪ মে ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হজ শেষে কবে শুরু হবে ওমরাহ জানাল সৌদি আরব

খবর প্রতিবেদন |
০২:১১ এ.এম | ২২ মে ২০২৬


হজ মৌসুম শেষ হওয়ার পরপরই পবিত্র ওমরাহ কার্যক্রম শুরু হবে বলে নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
ঘোষণা অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে আগামী ৩১ মে (১৪ জিলহজ) থেকে। এরপর ১ জুন থেকে ওমরাহ ভিসাধারীরা মক্কায় প্রবেশ করে পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ক্যালেন্ডার অনুযায়ী ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৯ মার্চ। একই বছরের ২৩ মার্চকে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশের শেষ তারিখ এবং ৭ এপ্রিল ২০২৭-কে প্রস্থান শেষ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহ ব্যবস্থাপনায় সেবার মান বাড়াতে ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক নতুন সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্টদের মধ্যে চুক্তি এবং সেবা সমন্বয় আরও সহজ করা হচ্ছে।
এর আগে ৪ মার্চ থেকে প্রাথমিক চুক্তি প্রক্রিয়া শুরু হয় এবং ১১ মে বিদেশি এজেন্টদের চূড়ান্ত তালিকাভুক্তির কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, নতুন পরিকল্পনার লক্ষ্য হলো ওমরাহ যাত্রীদের জন্য আরও নিরাপদ, সহজ ও উন্নত সেবা নিশ্চিত করা।

প্রিন্ট

আরও সংবাদ