খুলনা | শুক্রবার | ২২ মে ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি

খবর প্রতিবেদন |
০২:১২ এ.এম | ২২ মে ২০২৬


ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের যে ঘোষণা দিয়েছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যাকাণ্ড ও সা¤প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার (২০ মে) সিএএ এর বাইরে থাকা ব্যক্তিদের ‘অবৈধ বাংলাদেশি’ ধরে নিয়ে তাদের ফেরত পাঠাতে বিএসএফ’র হাতে তুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সে বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  
ভারতের পশ্চিমবঙ্গে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এ্যাক্ট’ (সিএএ) কার্যকর এবং পুশব্যাকের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের ‘সিএএ’ বা আসামের ‘এনআরসি’ তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন-কানুন। সেখানে আমাদের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
পলাতক আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন।

প্রিন্ট

আরও সংবাদ